বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালেও শহরটির বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

সকাল ৭টা ৫১ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৭০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৬ষ্ঠ স্থানে রয়েছে ঢাকা।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১২৪ দেশের বায়ুমান পরীক্ষা করছে তারা। এরমধ্যে ঢাকা অবস্থান ৬ষ্ঠ। সবচেয়ে ভালো বায়ু বিরাজ করছে অস্টেলিয়ার সিডনি ও মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন ও অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে। যাদের স্কোর ১৩, ১৩, ও ১৪।
একই সময়ে ২৪৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভিয়েতনামের হ্যানয় এবং ১৯৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো। তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি শহর, যার স্কোর ১৮৬। এ ছাড়া ১৭৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর এবং পঞ্চম অবস্থানে থাকাথাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, যার স্কোর ১৭১। ৬ষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা, স্কোর ১৭০।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

