চরম বাজে পারফরমেন্সের প্রদর্শনী দেখিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া হলো ভারতের। একমাত্র জসপ্রিত বুমরা ছাড়া আর কেউই ধারাবাহিক পারফর্ম করতে পারেননি। ৬ উইকেটে সিডনি টেস্ট জিতে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফিও জিতল অস্ট্রেলিয়া। ৩-১ ব্যবধানে সিরিজ জয়ের সঙ্গে প্যাট কামিন্সের দল জায়গা করে নিয়েছে জুনের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে।
২০১৪–১৫ মৌসুমের পর এবারই প্রথম বোর্ডার–গাভাস্কার ট্রফি জিতল অস্ট্রেলিয়া, যেটা তাদের টানা দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জায়গা করে দিয়েছে। আগামী জুনে লর্ডসের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে গত দুই আসরের ফাইনালিস্ট ভারতকে ফাইনালে ওঠার স্বপ্ন জিইয়ে রাখতে সিডনি টেস্টে অন্তত ড্র করতে হতো। কিন্তু রোহিতরা হেরে গেলেন তিন দিনে।
প্রথম ইনিংসে ১৮৫ রান তুলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৮১ রানে গুটিয়ে দিয়েছিল ভারত। অনেকে ভিন্ন কিছুর সম্ভাবনা দেখলেও ব্যাটসম্যানরাই ভারতকে আবারও ডুবিয়েছে। গতকাল ৬ উইকেটে ১৪১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ভারত। আজ রবিবার তারা আর মাত্র ১৬ রান যোগ করতে পেরেছে। বল হাতে বিধ্বংসী স্কট বোল্যান্ড নিয়েছেন ৪৫ রানে ৬ উইকেট। অজি অধিনায়ক প্যাট কামিন্স নিয়েছেন ৩টি।

৯ ইনিংসে ১৯০! কোহলি কি ফুরিয়ে গেলেন?৯ ইনিংসে ১৯০! কোহলি কি ফুরিয়ে গেলেন?
১৬২ রানের মামুলি টার্গেটে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়াকে ৩৯ রানের উদ্বোধনী জুটি উপহার দেন স্যাম কনস্টাস (১৭ বলে ২২) আর উসমান খাজা (৪৫ বলে ৪১)। দুজনেই ব্যাট করেছেন ওয়ানডে মেজাজে। চোটাক্রান্ত ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রিত বুমরা বোলিং করতে নামেননি। তারপরও প্রসিদ্ধ কৃষ্ণা তুলে নেন তিন উইকেট। মার্নাস লাবুশানে ৬ এবং স্টিভেন স্মিথ ৪ রানে ফিরলেও সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার।
ব্যাটে রান নেই, তাই সরে দাঁড়িয়েছি: রোহিত শর্মাব্যাটে রান নেই, তাই সরে দাঁড়িয়েছি: রোহিত শর্মা
পঞ্চম উইকেটে বিউ ওয়েবস্টার এবং ট্রাভিস হেড মিলে ৫৩ বলে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেন। হেড ৩৮ বলে ৩৪ এবং ওয়েবস্টার ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন স্কট বোল্যান্ড। সিরিজসেরাও হয়েছেন একজন পেসার- ৩২ উইকেট শিকারী ভারতের জসপ্রিত বুমরা।

