দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৫টি শিশু। বুধবার (২৯ জুলাই) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম-বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও একটি শিশু।

এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৫ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৬ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও এর উপসর্গে মোট ৮৩১ শিশুর মৃত্যু হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭৯ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৯৬ শিশু। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৫।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে নতুন করে ৯২৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৬৩ শিশু।
এদিকে, ১৫ মার্চ থেকে বুধবার সকাল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২৬ হাজার ৫৪০ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৭৩৯ জন।
এ পর্যন্ত মোট ১ লাখ ৯ হাজার ৩৬৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫ হাজার ১৯৮ জন।

