হামের প্রকোপ অব্যাহত রয়েছে দেশে । গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৮৭ শিশু। রবিবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ২২১ শিশুর। এছাড়া পরীক্ষায় ৬৬ শিশুর হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গে ঢাকায় চারজন, চট্টগ্রামে একজন, ময়মনসিংহে একজন এবং খুলনা বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৫২৯ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯১ শিশু। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২০ জনে।
এদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭৯ হাজার ১২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৬৪ হাজার ২৬৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬০ হাজার ৮৪ শিশু।
বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করছেন।

