কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার নেতা-কর্মী ও সমর্থকেরা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছেন।
একই সঙ্গে পরিবহন চালক ও শ্রমিকেরা শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেছেন। এতে ওই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

রবিবার (৩ মে) দুপুর ১২টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক।
তিনি বলেন, “পুলিশ তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পরে বিস্তারিত জানানো হবে।”
রেজাউল কাইয়ুম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।
রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার দিকে কোতোয়ালি মডেল থানা প্রাঙ্গণে শতাধিক নেতা-কর্মী ও সমর্থককে অবস্থান নিতে দেখা যায়। তাদের মধ্যে অনেকে পরিবহন শ্রমিক। এ সময় তাদের ‘রেজাউল ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘জেলের তালা ভাঙব, রেজাউল ভাইকে আনব’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা স্লোগান দেন।
বিক্ষোভকারীরা থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এতে প্রবেশপথ আংশিক বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এখনো তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। কিছু লোক থানার সামনে অবস্থান নিয়েছেন। আমরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি।
বেলা ৪টা পর্যন্ত নেতা-কর্মী ও সমর্থকদের বিক্ষোভ চলছিল। এ ব্যাপারে বিএনপি নেতাদের বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে।

