ভারতীয় ক্রিকেট বোর্ড-(বিসিসিআই’র নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে ছেড়ে দেয়ার পর অন্তবর্তীকালীন সরকার বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ ঘোষণা করেছিল। তবে এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই নিষেধাজ্ঞা কার্যত উঠে গেছে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে আইপিএল সম্প্রচারে কোনো বাধা নেই—এমনটাই নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘আইপিএল সম্প্রচারের আবেদন কেউ আমাদের কাছে করেনি। আমরা খেলার সঙ্গে রাজনীতিকে মেশাতে চাই না। বিষয়টি বাণিজ্যিকভাবে দেখবো। কোনো চ্যানেল সম্প্রচার করতে চাইলে আমরা ইতিবাচকভাবে বিবেচনা করবো।’
স্টার স্পোর্টস কি সম্প্রচার করতে পারবে—এমন প্রশ্নে মন্ত্রী জানান, আমরা কাউকে নিষিদ্ধ করবো না। স্টার স্পোর্টস চাইলে পারবে, আমাদের কোনো চ্যানেল চাইলে তারাও পারবে। কাউকে জোর করে কিছু চাপিয়ে দেওয়া হবে না।’
বাংলাদেশ কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রেজাউল করিম লাবু জানান, আইপিএল সম্প্রচারে বাধা দেওয়ার কোনো সরকারি নির্দেশনা নেই। তিনি বলেন, ‘স্টার স্পোর্টস সম্প্রচার করতে চাইলে করতে পারবে। অন্তবর্তীকালীন সরকারের আগের নির্দেশনার এখন কোনো কার্যকারিতা নেই। বর্তমান সরকার কিছু বললে আমরা তা অনুসরণ করবো।’

