আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সীতাকুণ্ডে।
সোমবার (১২ জানুয়ারি ) বিকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট অবস্থিত ডিসি পার্কে জেলা প্রশাসন, চট্টগ্রামের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত ও সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী সিদ্দিকী পরিবারের কৃতি সন্তান লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, “গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয় সংযুক্ত সচিব মো. মাহমুদুল হোসাইন খান এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।
বক্তারা গণতন্ত্র শক্তিশালী করতে ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়াতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।”

এর আগে প্রধান অতিথি লুৎফে সিদ্দিকী সীতাকুণ্ড বিভিন্ন স্কুল-কলেজে ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং ভোটের বুথ কেমন হবে,ভোটারদের সুবিধা- অসুবিধা,নিরাপত্তা সবদিক পর্যবেক্ষণ করেন।
এরপর লুৎফে সিদ্দিকী দুপুরে উপজেলা প্রশাসনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন,সাব রেজিস্ট্রার রায়হান হাবিবসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি, ভোটার নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
ডিসি পার্কে সাংবাদিকদের সাথে গণভোটের বিষয়ে মতবিনিময়,গণভোট কর্ণার উদ্বোধন শেষে ডিসি পার্ক ফুল উৎসব পরিদর্শন করেন, পরিদর্শনকালে তিনি সীতাকুণ্ডে এমন সুন্দর ফুলের পার্ক তৈরি হয়েছে দেখে সন্তোষ প্রকাশ করেন, যারা এতে শ্রম দিয়েছেন সকলকে ধন্যবাদ জানান।


