চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট সাগরপাড়ে ১৯৪ একর জমির উপর গড়ে উঠা ডিসি পার্ক এবার সেজেছে নতুন রূপে। প্রতি বছরের ন্যায় এবারও ডিসি পার্কে চতুর্থবারের মতো দেশের বৃহত্তম আঙ্গিকে “চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬” এর আয়োজন করা হয়েছে।
খুবই মনোমুগ্ধকর পরিবেশে মাসব্যাপী এ আয়োজনে রয়েছে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ। এবার ডিসি পার্কে নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি, ফ্লাওয়ার টি।

ফুলের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার পাশাপাশি এই উৎসবে দর্শনার্থীরা প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
এ বছরের অন্যান্য আকর্ষণগুলোর মধ্যে রয়েছে মাসব্যাপী গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। এছাড়াও এই উৎসবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রচারণার একটি বিশেষ স্টল রয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) থেকে শুরু হয়ে মাসব্যাপী এ ফুল উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম পুলিশ কমিশনার হাসিব আজিজ , ডিআইজি চট্টগ্রাম মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম রেঞ্জ ও পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন ।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা । তিনি আজ বিকাল ৩ টায় সংবাদ সম্মেলন করে উদ্বোধনের বিষয়ে সাংবাদিকদেরকে জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, সৈয়দ মাহবুবুল হক, মো. শরীফ উদ্দিন, পাঠান মো. সাইদুজ্জামান, সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, মুহাম্মদ সালাহ উদ্দিন, রুনা লায়লা তমা, শিফাত বিনতে আরা, মো: মাহমুদ হাসান, আফরিন ফারজানা পিংকি, এস এম আমিরুল মোস্তফা, মো: ফাহমুন নবী, জান্নাতুল ফেরদাউস, মো. মঈনুল হাসান, শাকিব শাহরিয়ার, রাইয়ান ফেরদৌস, সাদমান সহিদ প্রমুখ।

