নতুন চলচ্চিত্র ‘রঙবাজার’-এর প্রথম ঝলক প্রকাশের পর কিছু দিনের মধ্যেই টিজার প্রকাশ করবেন বলেও জানান পরিচালক রাশিদ পলাশ। সম্প্রতি নির্মাতা নিজের ফেসবুক পেজে ছবিটির একটি পোস্টার শেয়ার করে এটি প্রকাশের ঘোষণা দেন।
‘রঙবাজার’ সিনেমার গল্পে উঠে এসেছে দৌলতদিয়া যৌনপল্লির একটি উচ্ছেদ অভিযান এবং সেখানকার বাসিন্দাদের জীবনযাপন। এ সিনেমার বড় একটি অংশের শুটিং হয়েছে সরাসরি দৌলতদিয়াতেই।

সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। যৌনকর্মীর চরিত্রে শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন ও মাদক কারবারির চরিত্রে মৌসুমী হামিদ অভিনয় করেছেন। রাজনৈতিক নেতার চরিত্র করেছেন লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠু।
তামজিদ অতুলের গল্প-ভাবনায় এর চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। প্রযোজনায় লাইভ টেকনোলজিস।
আসন্ন ঈদে ‘রঙবাজার’ সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

