সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

সিআইইউ’র পরিচ্ছন্নতা সচেতনতামূলক প্রচারাভিযানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী

পরিচ্ছন্নতা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, আমাদের সবার

নিজস্ব প্রতিবেদক

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) জামালখান ক্যাম্পাসে ‘পরিচ্ছন্নতা সচেতনতামূলক প্রচারাভিযান ২০২৫’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল-“পরিচ্ছন্ন রাখি-চট্টগ্রাম নগরী” ।

- Advertisement -

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবং সিআইইউ ও ইয়ংওয়ান কর্পোরেশন-এর যৌথ আয়োজনে এ সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়িত হয়।

- Advertisement -shukee

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

তিনি বলেন,“পরিচ্ছন্নতা শুধুমাত্র সিটি কর্পোরেশন বা সরকারের দায়িত্ব নয়; এটি আমাদের সবার। তরুণ প্রজন্মকে এই উদ্যোগে এগিয়ে আসতে হবে এবং পরিচ্ছন্ন নগর গঠনে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এই ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তনের সূচনা করে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং ইয়ংওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেড-এর চেয়ারম্যান ও সিইও কিহাক সুং। তাঁরা নগরের সার্বিক উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউ-এর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। স্বাগত বক্তব্য রাখেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মাহমুদুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, যিনি এই ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও সমাজগঠনে সহায়ক বলে উল্লেখ করেন।

সিআইইউ-এর সহকারী রেজিস্ট্রার রুমা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, (এস), বিএন এবং দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন

অনুষ্ঠানে নগর পরিচ্ছন্নতা বিষয়ে একটি প্রাঞ্জল ধারণাপত্র উপস্থাপন করেন সিআইইউ বিজনেস স্কুলের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ। তিনি বলেন, “নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই পরিচ্ছন্নতা সম্ভব নয়। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল নাগরিক হিসেবে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র‌্যালি করা হয়, যা সিআইইউ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শাহ ওয়ালিউল্লাহ ইন্সটিটিউট ও চেরাগী মোড় হয়ে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

এই সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করার আহ্বান জানানো হয়। আয়োজকরা জানান, এই কার্যক্রম আগামীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও সম্প্রসারিত করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও