বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। চাকরি, পর্যটন ও ব্যবসায়ের উদ্দেশে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।
বাংলাদেশের জন্য পর্যটন ও কর্ম ভিসার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে দেশটি। অবশ্য বাংলাদেশ ছাড়াও আরব আমিরাতের এ অস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় পড়েছে আরও ৮টি দেশ। এগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য।
সেখানে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। এই ৯ দেশের যেসব নাগরিক ব্যবসায়িক উদ্দেশ্যে আমিরাতে প্রবেশ করতে ইচ্ছুক, তারাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
বিজ্ঞপ্তিতে নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে আরব আমিরাত। যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি দেশটির সরকার।
২০২৬ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে ভিসা আবেদনের সুযোগ আর থাকবে না বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের জন্য- যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

