চট্টগ্রাম নগরীর কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (কেইপিজেড) একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে কেইপিজেডের ভেতরে জান্ট এক্সেসরিজ নামের ওই কারখানায় আগুন লাগে।

কেইপিজেডের নির্বাহী পরিচালক (জিএম) মশিউদ্দিন বিন মিসবাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর মোজাম্মেল বলেন, দুপুর ২টা ৫১ মিনিটের দিকে কর্ণফুলী ইপিজেড এলাকার জ্যান্ট এক্সেসরিজ নামে একটি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

