প্রথম ইনিংসে দুই দলের মাঝে দারুণ প্রতিদ্বন্দ্বিতার আভাস মিললেও দ্বিতীয় ইনিংসে পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ। পিছিয়ে থেকেও ক্যারিবীয়দের তিন দিনেই হারিয়ে দিলো অজিরা।
দিনের শেষ ওভারে মাত্র দু’টি বল বাকি থাকতেই নামলো বার্বাডোজ টেস্টের পর্দা। ওয়েস্ট ইন্ডিজকে ১৫৯ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো সফরকারীরা।

প্রথম দুই দিনে দুই দলই প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ ছড়ায়। লড়াই হচ্ছিলো সেয়ানে সেয়ানে। যেখানে বোলাররাই রাখছিলেন ভূমিকা। তাদের দাপটে দুই দিনেই পতন হয় ২৪ উইকেট।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৮০ রানে আটকে দেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে স্বাগতিকদের ইনিংসও বড় হয়নি, শেষ হয় ১৯০ রানে। ১০ রানের লিড পায় ক্যারিবীয়রা।
পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বৃহস্পতিবার দিনের খেলা শেষ করে ৪ উইকেটে ৯২ রান নিয়ে। শুক্রবার সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তিন ফিফটিতে অজিরা পৌঁছায় ৩১০ রানে।
ট্রাভিস হেড ৬১, বেউ ওয়েবস্টার ৬৩ ও অ্যালেক্স ক্যারি খেলেন ৬৫ রানের ইনিংস। বাকিদের মাঝে আর কেউ ২০ রানের গণ্ডি পেরোতে পারেননি। শামার জোসেফ নেন ৫ উইকেট।
১০ রানের লিড থাকায় জয়ের জন্য ক্যারিবীয়দের প্রয়োজন হয় ৩১০১ রান। যা তাড়া করতে নেমে শুরুতেই ক্রেইগ ব্র্যাথওয়েটকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। জন ক্যাম্পবেল (২৩) ও কেসি কার্টি (২০) কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন।
তাদের ৪৩ রানের জুটি ভাঙতেই হ্যাজেলউডের তোপে ভেঙে পড়ে ক্যারিবিয়ান ব্যাটিং। ১০ ওভারে ১ উইকেটে ৪৭ থেকে তারা পরবর্তী ৩৯ রানেই হারায় ৭ উইকেট।
শেষদিকে শামার জোসেফ ও জাস্টিন গ্রেভস গড়েন ৫১ রানের জুটি, যা ইনিংসের সবচেয়ে বড় জুটি। জোসেফ করেন ২২ বলে ৪৪ রান। শেষ ওভারে তার উইকেট হারিয়েই শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
১৪১ রানেই গুটিয়ে যায় ৫৩ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন গ্রেভস। দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ট্রাভিস হেড।

