ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর সম্মানিত সদস্য এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আরেফীনকে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে সম্পূর্ণ একতরফাভাবে বরখাস্ত করায় দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস বাংলাদেশ (এফইএবি) চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়েছে। তাঁরা বলেন, সংশ্লিষ্ট প্রকৌশলীকে অপরাধ জানার সুযোগ না দিয়ে প্রদত্ত আদেশটি মৌলিক অধিকার পরিপন্থি, অনভিপ্রেত ও অনাকাঙ্খিত।
প্রকৌশলী মোহাম্মদ শাহ আরেফীন প্রকৌশলী মহলে একজন সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা হিসেবে ব্যাপকভাবে সুপরিচিত ও সমাদৃত। জননন্দিত বর্তমান সরকারের সময়ে একজন প্রকৌশলীর মৌলিক ও পেশাগত অধিকার ক্ষুন্নপূর্বক একতরফা প্রজ্ঞাপন জারী করা কোনোভাবেই কাম্য নয় বলে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্র মনে করে। এই ধরনের অপ্রত্যাশিত আদেশের কারণে দেশের সর্বস্তরের প্রকৌশলীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।

অনভিপ্রেত চাপের মুখে দেশের সর্বস্তরের প্রকৌশলীদের পেশাদারী মনোভাব নিয়ে সাহসিকতার সাথে কাজ করা দুরূহ হবে বলে তাঁরা অভিমত প্রকাশ করেছেন। এই প্রেক্ষাপটে অবিলম্বে সাময়িক বরখাস্ত আদেশটি প্রত্যাহার করার জন্য দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে সরকারের প্রতি জোর দাবী জানানো হয়েছে।

