Saturday, 10 October 2026

[the_ad id='15178']

যোগ্য ও দক্ষদেরই শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ্য ও দক্ষ প্রার্থীদেরই শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

- Advertisement -

তিনি বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর দায়িত্ব পালনের সক্ষমতা ও পেশাগত দায়িত্ববোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

- Advertisement -shukee

আগামী দিনগুলোতে যারা আরও সুন্দরভাবে শিক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন, তাদেরই নিয়োগ দেওয়া হচ্ছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ঢাকার সাভারের নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) আয়োজিত ‘টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ’ দ্বিতীয় ও সমাপনী দিনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, এবার শিক্ষক বাছাইয়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতি অনুসরণ করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে এমন নীতিমালা রাখা হয়েছে, যাতে যোগ্য ও দক্ষ প্রার্থীরা শ্রেণিকক্ষে পাঠদানের সুযোগ পান।

তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়ায় প্রচলিত স্বচ্ছ নিয়ম অনুসরণ করা হয়েছে। বিশেষ করে প্রার্থীদের পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, গণ-অভ্যুত্থানের পর প্রশাসনের কিছু ক্ষেত্রে সাময়িক দুর্বলতা তৈরি হয়ে থাকতে পারে। কিছু ভুলত্রুটিও থাকতে পারে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেসব ত্রুটি চিহ্নিত করে সংশোধন ও ঘাটতি পূরণে গুরুত্বের সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, আমরা আশাবাদী, পুরো প্রক্রিয়াটি অত্যন্ত নিখুঁত ও ভালোভাবে সম্পন্ন হবে।

প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, শিক্ষকদের কাজের পরিবেশ ও মর্যাদা উন্নয়ন এবং পাঠদান পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুরো প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে নতুন করে সাজাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং দায়িত্ব পালনের সুযোগ তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, নিটারের শিক্ষক-শিক্ষার্থী, আয়োজক কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও