দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৯ শিশু।
শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৪ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৪৭ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮১ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২৬৮ শিশুর মধ্যে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ২৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৩। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ১৯৭।
এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৮০ হাজার ৭৯ রোগী। তাঁদের মধ্যে ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

