হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৪২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে ১ লাখ ৯৪ হাজার ৮৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে মোট ২১ হাজার ৬২৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে, ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭২ হাজার ২১ শিশু ভর্তি হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

