চট্টগ্রামে প্লাস্টিক পুনর্ব্যবহার খাতের উদ্যোক্তাদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, সম্পদের দক্ষ ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা সম্পর্কে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) বাস্তবায়িত সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে চট্টগ্রামের আল আকসা হোটেলের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান ও কর্মসূচির উদ্বোধন করেন স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক দেলোয়ার হোসেন। দিনব্যাপী এ প্রশিক্ষণে প্লাস্টিক পুনর্ব্যবহারকারী ও ভাঙারি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের প্রথম সেশনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক এটিএম শাহজাহান পরিবেশ ও জলবায়ুর আন্তঃসম্পর্ক, জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব, জলবায়ু ঝুঁকি, প্রশমন এবং অভিযোজন কৌশল নিয়ে আলোচনা করেন।
এরপর সম্পদ-দক্ষ ও পরিচ্ছন্ন উৎপাদন (আরইসিপি) বিষয়ক সেশন পরিচালনা করেন ইপসার স্মার্ট প্রকল্পের পরিবেশ ও সামাজিক বিষয়ক কর্মকর্তা মহিউদ্দিন। তিনি আরইসিপির ধারণা, সম্পদের দক্ষ ব্যবহার, পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থা, বর্জ্য হ্রাস, জ্বালানি ও সম্পদ সাশ্রয় এবং শিল্প প্রতিষ্ঠানে আরইসিপি কার্যকরভাবে বাস্তবায়নের বিভিন্ন কৌশল তুলে ধরেন।

শোভন কর্মপরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক সেশন পরিচালনা করেন ভিজ্যুয়াল নিটওয়্যার লিমিটেডের সাসটেইনেবিলিটি অ্যান্ড কমপ্লায়েন্স কর্মকর্তা মোহাম্মদ শাহেদুল ইসলাম। তিনি কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ, জ্বালানির দক্ষ ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করেন।
এছাড়া জেন্ডার সংবেদনশীলতা ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক সেশন পরিচালনা করেন ইপসার স্মার্ট প্রকল্পের এমআইএস ও ডকুমেন্টেশন কর্মকর্তা নাজমুন নাহার। তিনি কর্মক্ষেত্রে জেন্ডার সমতা নিশ্চিতকরণ, যৌন হয়রানি প্রতিরোধ এবং একটি কার্যকর অভিযোগ প্রতিকার ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব ও পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান করেন।
স্মার্ট প্রকল্পের কারিগরি কর্মকর্তা ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম আলোচনা করেন উৎপাদন প্রক্রিয়ায় পানি, জ্বালানি ও কাঁচামালের দক্ষ ব্যবহার নিয়ে আলোচনা করেন। এরই মাধ্যমে দিনব্যাপী প্রশিক্ষনের সমাপ্তি হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন খুলশী শাখার ব্যবস্থাপক নারায়ণ কুমার দাশ।

