সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (৭ আগস্ট) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৮ জন।
স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ৭৬৭ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৬ শিশু। এ নিয়ে সাড়ে এখনও পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৮৬৩ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৭ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০১ জনের। মোট ১ হাজার ২১৮ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৬ হাজার ৮২২ জন। এর মধ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ১২ হাজার ৫২৫ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৫৫ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ৯৪১ জনের।

