দেশের প্রবীণ খ্যাতনামা আলেমে দ্বীন, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদরাসায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আগামী ৯ আগস্ট (রোববার) প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর উপলক্ষে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি ও মাদরাসা কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজ শেষে বাবুনগর মাদরাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে এমনভাবে স্বাগত জানানো হবে, যাতে ফটিকছড়ির মানুষের আশা-আকাঙ্ক্ষা ও দাবিদাওয়া তাঁর কাছে আলাদাভাবে তুলে ধরতে না হয়।
আন্তরিক অভ্যর্থনার মধ্য দিয়েই তিনি ফটিকছড়ির উন্নয়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করবেন বলে আশা করছি।
সরোয়ার আলমগীর বলেন, ফটিকছড়িতে একটি সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা, আরও কয়েকটি কলেজ সরকারিকরণ, তরুণদের জন্য উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টি, ফটিকছড়ির গ্যাস স্থানীয় জনগণের ব্যবহারের ব্যবস্থা, ১৮টি চা-বাগান ও ৪টি রাবার বাগানে গ্যাস-সংযোগ এবং বিস্তীর্ণ খাসজমিতে শিল্পাঞ্চল গড়ে তোলাসহ বিভিন্ন উন্নয়নমূলক দাবি প্রধানমন্ত্রীর কাছে পর্যায়ক্রমে উপস্থাপন করা হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সফরে অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, বিভিন্ন এলাকার সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এদিকে রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।
উত্তর চট্টগ্রামের মানুষের মধ্যে প্রধানমন্ত্রীকে একনজর দেখার ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, হুজুরের সঙ্গে আমাদের আত্মিক ও পারিবারিক সম্পর্ক রয়েছে। দুর্যোগের সময় তিনি আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি আমার বড় ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর জানাজা পড়াতে এই এলাকা থেকে রিকশায় করে গহিরায় গিয়েছিলেন। সেই আবেগ ও শ্রদ্ধার জায়গা থেকেই আমি আজ বাবুনগর মাদরাসায় এসেছি।
মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দৌহিত্র মাওলানা রহমত উল্লাহ জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মাদরাসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনের বিভিন্ন সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা একাধিকবার পরিদর্শন করেছেন।
তিনি জানান, মাদরাসায় দেশের ৬৪ জন শীর্ষ আলেম উপস্থিত থাকবেন এবং প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে মতবিনিময় করবেন।
এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পাইন্দং পেলাগাজী দিঘী হেলিপ্যাড থেকে বাবুনগর মাদ্রাসা এবং আশপাশের এলাকায় সাজসজ্জা, নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ ও সার্বিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

