সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ফল সেমিস্টার—২০২৬ এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. মো. মোজাম্মেল হক ও রেজিস্ট্রার এ.এফ.এম. মোদাচ্ছের আলী । এছাড়াও অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ সহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ। তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি ধাপে মনোযোগী, শৃঙ্খলাবদ্ধ এবং দৃঢ়প্রতিজ্ঞ থাকার আহ্বান জানান। পরে উপাচার্য, রেজিস্ট্রার এবং বিজ্ঞান অনুষদের ডিন বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। এছাড়াও নবীন শিক্ষার্থীরা ব্যক্ত করেন তাদের অনুভূতি এবং সিনিয়ররা শেয়ার করেন অভিজ্ঞতা।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশ্ববিদ্যালয় ও বিভাগের বিভিন্ন নিয়ম—কানুন, একাডেমিক নীতিমালা এবং শৃঙ্খলা সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিতভাবে অবহিত করা হয় । মূল সেশনটি পরিচালনা করেন ইসিই বিভাগের সহকারী অধ্যাপক রুবেল কান্তি দাশ। তিনি শিক্ষার্থীদের বিভাগের একাডেমিক কাঠামো, আচরণবিধি এবং বিভাগীয় প্রত্যাশা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। এছাড়াও তিনি আউটকাম বেসড এডুকেশন এর কারিকুলাম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন
সমাপনী বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ইইই বিভাগের প্রধান ফারহানা হোসেন ।

