Sunday, 13 September 2026

[the_ad id='15178']

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে মালিক-শ্রমিক সবাইকে দায়িত্বশীল হতে হবে: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দর ট্রাক-কাভার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশন রেজি. নং-চট্টঃ ৫৬৫-এর কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -shukee

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর জোন) মো. আমিরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ।

নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬-এর চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ আবু সাইদ হারুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবিরসহ নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য নগরীর জন্য সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবহন মালিক, কন্ট্রাক্টর, চালক ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যত্রতত্র গাড়ি পার্কিং না করা এবং ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে যানজট ও জনভোগান্তি অনেকাংশে কমানো সম্ভব।”

তিনি বলেন, “চট্টগ্রাম নগরীর যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধু প্রশাসনের পক্ষে একা এ কাজ করা সম্ভব নয়। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।”

মেয়র আরও বলেন, “পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি নাগরিকদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। নতুন নেতৃত্ব সংগঠনের সদস্যদের স্বার্থ রক্ষার পাশাপাশি নগরীর বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে চট্টগ্রামের পরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব করা সম্ভব।”

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, পরিবহন মালিক, কন্ট্রাক্টর, শ্রমিক ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সর্বশেষ

এই বিভাগের আরও