গৃহকর্মী অধিকার রক্ষা কমিটি চট্টগ্রাম জেলার উদ্যোগে গৃহকর্মী আনোয়ারা বেগম এর নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে আরোপিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার (১৯জুলাই) বিকালে নগরীর ২নম্বর গেটে দ্বিতীয় দিনের মত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গৃহকর্মী অধিকার রক্ষা কমিটির সভাপতি আসমা আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আঞ্জু আরা বেগম, সদস্য নুপুর আক্তার, লায়লী বেগম, শাম্তা ইসলাম, সানজিা আক্তার মিম প্রমুখ।
সমাবেশে গৃহকর্মী নেতৃবৃন্দ বলেন, “আনোয়ারা বেগম দীর্ঘ ৩বছর যাবত নাসিরাবাদ হাউজিং সোসাইটির একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। সম্প্রতি সেই বাসাটিতে স্বর্নালংকারসহ কিছু নগদ টাকা চুরির ঘটনা ঘটে। এতে ঘরের অন্যান্য সদস্যদের পাশাপাশি গৃহকর্মী আনোয়ারা বেগমও সন্দেহের তালিকায় পড়েন। সন্দেহের বশে পুলিশ আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করে এবং থানায় রেখে দুইদিন যাবত জিজ্ঞাসাবাদ এবং তার ঘর তল্লাশি করেও কিছু পায়নি। এরপরও গৃহকর্তার মামলার প্রেক্ষিতে আনোয়ারা বেগমকে বর্তমানে রিমাণ্ডে প্রেরণ করা হয়েছে।

গৃহকর্মীদের সম্প্রতি শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়া হলেও,সরকারি আইন কাগজেই সীমাবদ্ধ। ফলে বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটলেই বেশিরভাগ ক্ষেত্রে গৃহকর্মীদের উপর দোষ চাপিয়ে তাদের নানাভাবে হয়রানি করা হয়। গৃহকর্মীদের সামাজিক মর্যাদা না থাকায় তারা ন্যায্য আইনী প্রতিকারও পায়না। এ পরিস্থিতিতে আমরা গৃহকর্মী অধিকার রক্ষা কমিটি এর পক্ষ থেকে গৃহকর্মী আনোয়ারা বেগম এর নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে আরোপিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। বিক্ষোভ সমাবেশ থেকে আগামীকাল জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়ার ঘোষণা দেয়া হয়। সমাবেশ পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল নগরীর ২নম্বর গেট থেকে প্রবর্তক হয়ে মুরাদপুর গিয়ে সমাপ্ত হয়।


