বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের সুস্পষ্ট ঘোষণা দাবিতে প্রতীকী গণঅনশন কর্মসূচি পালন করেছে বন্দর রক্ষা কমিটি।
শনিবার (১৮ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক, পেশাজীবী, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে অংশ নেন।

গণঅনশন উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার এবং সঞ্চালনা করেন সদস্যসচিব ফজলুল কবির মিন্টু।
বিকেল ৩টায় কবি ও সাংবাদিক আবুল মোমেন অংশগ্রহণকারীদের শরবত পান করিয়ে প্রতীকী গণঅনশন ভঙ্গ করান।
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, চট্টগ্রাম বন্দরের সাবেক সিবিএর সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি কমরেড অশোক সাহা, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর, কলামিস্ট কানাই দাস, ন্যাপ নেতা মিতুল দাসগুপ্ত, অ্যাডভোকেট জহির উদ্দিন মাহমুদ, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, টিইউসিনেতা ইফতেখার কামালখান, শ্রমিক দলনেতা শাহনেওয়াজ চৌধুরী, বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সীতারা শামীম, জাতীয়তাবাদী শ্রমিক দলের ইব্রাহীম ফরাজী, আজিজ উদ্দিন মিন্টু, যুব ইউনিয়নের নেতা মেহেদী হাসান মিন্টু, বন্দর শ্রমিক নেতা নুরুল ইসলাম বাবু, বন্দর লেসিং-আনলেসিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইকবাল, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হানিফ, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আব্দুর রহিমসহ বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ।
গণঅনশন ভঙ্গের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে আবুল মোমেন বলেন, চট্টগ্রাম বন্দর কেবল একটি বন্দর নয়, এটি বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র।
দেশের আমদানি-রপ্তানির সিংহভাগ এই বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। তাই এই বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে দীর্ঘমেয়াদে তুলে দেয়ার সিদ্ধান্ত অর্থনৈতিক ও কৌশলগত উভয় দিক থেকেই অত্যন্ত সংবেদনশীল।
জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এমন সিদ্ধান্ত গ্রহণের আগে জনগণের মতামত, বিশেষজ্ঞদের অভিমত এবং সংসদীয় আলোচনার প্রয়োজন ছিল। জনগণকে অন্ধকারে রেখে এমন সিদ্ধান্ত গ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দর আমাদের জাতীয় গৌরবের প্রতীক। এই বন্দরের সক্ষমতা ও দক্ষতা আরও বৃদ্ধি করতে হলে নিজস্ব জনবল, প্রযুক্তি ও ব্যবস্থাপনার উন্নয়নে বিনিয়োগ করতে হবে। বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদি ইজারা দিয়ে সমস্যার সমাধান হবে না; বরং ভবিষ্যতে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে। জনগণের শান্তিপূর্ণ এই প্রতিবাদের প্রতি সরকারকে সম্মান জানিয়ে অবিলম্বে এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে।
কমরেড মোহাম্মদ শাহ আলম বলেন, রাষ্ট্রের কৌশলগত ও লাভজনক সম্পদ জনগণের সম্পদ। জনগণের সম্পদ বিদেশি করপোরেট প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য শুভ নয়। অতীতের বিভিন্ন অভিজ্ঞতা আমাদের শিক্ষা দেয়, জাতীয় স্বার্থবিরোধী চুক্তির পরিণতি দীর্ঘমেয়াদে দেশের জনগণকেই বহন করতে হয়।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দর পরিচালনার সক্ষমতা বাংলাদেশের রয়েছে। দক্ষ জনবল, অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারী এবং দীর্ঘদিনের পরিচালনাগত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল হওয়ার কোনো যৌক্তিকতা নেই। সরকার যদি জনগণের মতামতকে উপেক্ষা করে এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এগোয়, তবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন আরও বিস্তৃত হবে। জাতীয় সম্পদ রক্ষার সংগ্রামে দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
তপন দত্ত বলেন, চট্টগ্রাম বন্দর শুধু ব্যবসায়ীদের নয়, হাজার হাজার শ্রমিকের জীবিকা এবং দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। এই বন্দরের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শ্রমিকদের মতামত সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, শ্রমিক-কর্মচারীদের অভিজ্ঞ ও দক্ষতাকে কাজে লাগিয়ে বন্দরকে আরও আধুনিক ও কার্যকর করা সম্ভব। কিন্তু বিদেশি প্রতিষ্ঠানের হাতে বন্দরের নিয়ন্ত্রণ তুলে দিলে কর্মসংস্থান, শ্রমিক অধিকার এবং জাতীয় স্বার্থ—সবকিছুই ঝুঁকির মুখে পড়তে পারে। সরকার অবিলম্বে এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের ঘোষণা না দিলে শ্রমিক সংগঠনগুলো বৃহত্তর ঐক্য গড়ে তুলে কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবে।
কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, চট্টগ্রাম বন্দর গড়ে উঠেছে এ দেশের শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ও জনগণের দীর্ঘদিনের শ্রম, দক্ষতা এবং ত্যাগের ওপর ভিত্তি করে। এই বন্দরের সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই। অতীতে নানা সংকটেও বন্দর নিজস্ব জনবল ও অভিজ্ঞতার মাধ্যমে সফলভাবে কার্যক্রম পরিচালনা করেছে। তাই লাভজনক এনসিটি ও সিসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়ার কোনো যৌক্তিকতা নেই।
তিনি বলেন, বন্দরের উন্নয়নের প্রয়োজন হলে সরকার আধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তি ও জনবল উন্নয়নে বিনিয়োগ করুক। কিন্তু জাতীয় সম্পদের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে তুলে দিয়ে উন্নয়নের কথা বলা যায় না। বন্দর রক্ষার এই আন্দোলনে শ্রমিকরা অতীতের মতো এবারও অগ্রণী ভূমিকা পালন করবে। সরকারের উচিত জনগণের দাবি মেনে অবিলম্বে ইজারার প্রক্রিয়া বন্ধ করা।
বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার এবং জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। দেশের জনগণের মতামত উপেক্ষা করে কোনো বিদেশি প্রতিষ্ঠানের কাছে লাভজনক টার্মিনাল ইজারা দেওয়া হলে তা ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থকেও ক্ষতিগ্রস্ত করবে।
তারা অবিলম্বে এনসিটি ও সিসিটি ইজারার সব ধরনের উদ্যোগ বাতিলের সুস্পষ্ট ঘোষণা দেয়ার আহ্বান জানান।
তারা বলেন, বন্দর রক্ষা কমিটির এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়; এটি দেশের স্বার্থ, অর্থনৈতিক নিরাপত্তা এবং জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, জনগণের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে ইজারার প্রক্রিয়া বন্ধের ঘোষণা দিন। অন্যথায় চট্টগ্রামসহ সারাদেশে বৃহত্তর ঐক্য গড়ে তুলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অনশন কর্মসূচি শেষে বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার আগামী ২২ জুলাই (বুধবার) সন্ধ্যা ৬টায় চেরাগী পাহাড় মোড় থেকে নিউমার্কেট পর্যন্ত মশাল মিছিল কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে আবারও জাতীয় সম্পদ রক্ষার দাবিতে জনগণের দৃঢ় অবস্থান তুলে ধরা হবে।
সমাবেশ শেষে বন্দর রক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এবং দেশের সর্বস্তরের মানুষকে এই আন্দোলনে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হবে।

