চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও খেলাধুলাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নগরজুড়ে খেলার মাঠ, পার্ক ও শিক্ষা অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার ( ৯ জুন ) সকালে দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, “চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত খেলার মাঠ নেই, সেগুলোর জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেওয়ানহাট কলেজের শিক্ষার্থীদের জন্য রেলের একটি মাঠ সংস্কার করে আধুনিক ক্রীড়া সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে।”
তিনি বলেন, খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে নগরীর বিভিন্ন এলাকায় মাঠ, পার্ক, ওয়াকওয়ে ও ফ্লাডলাইট স্থাপনের কাজ চলমান রয়েছে। কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাস থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
স্বাস্থ্যসেবার প্রসঙ্গ উল্লেখ করে মেয়র বলেন, ৯ মাস থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য ১০ লাখের বেশি টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হয়েছে। একইসঙ্গে কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি (HPV) টিকাও বিনামূল্যে দেয়া হচ্ছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম এখন দেশের জন্য একটি সফল মডেলে পরিণত হয়েছে। আধুনিক লার্ভিসাইড ব্যবহারের ফলে ডেঙ্গু রোগী ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। গত ছয় মাসে ডেঙ্গুতে মৃত্যুহার শূন্যে নেমে এসেছে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর নগর গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। যত্রতত্র প্লাস্টিক, পলিথিন ও আবর্জনা না ফেলে নগরকে পরিচ্ছন্ন রাখতে হবে।”
মেয়র আরও বলেন, শিক্ষাখাতকে তিনি ব্যয় নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ হিসেবে দেখেন। শিক্ষার্থীদের উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতি বছর অতিরিক্ত অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন।
কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বেগমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, গভর্নিং বডির সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।

