চট্টগ্রামের রাউজানে তিনদিনের ব্যবধানে আরও এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত নাছির উদ্দিন (৫৫) উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ শমসের পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রবিবার রাত সোয়া ৯টার দিকে বাড়ির কাছে লেংগা বাইল্যারঘাটা এলাকায় তাকে সন্ত্রাসীরা শর্টগানের গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।স্থানীয়দের দাবি, এলাকায় মাটি ও পাহাড় কাটা, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একই বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নাছির উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ আছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে তারা গুলিবিদ্ধ অবস্থার খবর পান। নিহতের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানায়।
উল্লেখ্য, গত শুক্রবার একই এলাকায় আরেক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার তিন দিনের মাথায় আবারও এ হত্যাকাণ্ড ঘটলো।

