শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

দেশজুড়ে জঙ্গি হামলার আশঙ্কা, সতর্কতায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক

দেশে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন। তিনি জানান, এখনো সুনির্দিষ্ট কোনো সংগঠন বা গোষ্ঠীকে শনাক্ত করা যায়নি।

- Advertisement -

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দপ্তরের জারি করা সতর্কতামূলক চিঠি পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আমরা এ তথ্য পেয়েছি এবং সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিম বিষয়টি নিয়ে কাজ করছে।

- Advertisement -shukee

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উগ্রবাদীদের সম্ভাব্য হামলার শঙ্কা নিয়ে পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুনশী শাহাবুদ্দীন। তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটি মোকাবিলা করতে পারব।

নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে পারে-এমন আশঙ্কায় শুক্রবার রাতে সতর্কবার্তা দেয় পুলিশ সদর দপ্তর। গত বৃহস্পতিবার বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধানদের কাছে পাঠানো এক বার্তায় ‘নিরাপত্তা জোরদারের’ নির্দেশনা দেয়া হয়।

তবে ওই বার্তায় নির্দিষ্ট করে কোনো সংগঠনের নাম উল্লেখ না করা হলেও সম্প্রতি একটি জঙ্গি সংশ্লিষ্ট সংগঠনের ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য তুলে ধরা হয়।

‘নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থকদের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা’ সংক্রান্ত বার্তায় বলা হয়েছে, গ্রেপ্তার ইসতিয়াকের সঙ্গে চাকরিচ্যুত দুই সেনাসদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

এ প্রেক্ষাপটে নিরাপত্তা জোরদার ও নজরদারি বৃদ্ধির বিষয়ে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা বিষয়ে জানতে চাইলে মুনশী শাহাবুদ্দীন বলেন, এটি আমাদের নিরাপত্তা পরিকল্পনার অংশ, যা প্রকাশ করার বিষয় নয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট স্থানগুলোতে আমরা কাজ করছি।

সশস্ত্র বাহিনীর কতজন সদস্য এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন-এমন প্রশ্নের জবাবে সিটিটিসি কর্মকর্তা জানান, তার কাছে এ মুহূর্তে নির্দিষ্ট কোনো তথ্য নেই; গণমাধ্যমে যা এসেছে, তিনিও সেটুকুই দেখেছেন।

এদিকে, জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার কথা জানিয়ে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশিদ বলেন, চিঠি আমরা পেয়েছি। তবে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের বিষয়টি দেখে ডিএমপির প্রটেকশন বিভাগ। তাদের চাহিদামতো সহযোগিতা করে থাকি আমরা। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিয়মিতই নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকে।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও