শনিবার, ২৮ মার্চ ২০২৬

সমধারা দ্বাদশ কবিতা উৎসব ২৫ এপ্রিল ছায়ানটে

নিজস্ব প্রতিবেদক

সমকালকে ধারণ করে সমধারার উদ্যোগে আগামী ২৫ এপ্রিল বিকাল ৪টায় রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবনে ‘দ্বাদশ কবিতা উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হবে। বরাবরের মতো এবারও উৎসবের সহযোগী হিসেবে রয়েছে স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ‘ইপসা’।

- Advertisement -

কথাসাহিত্যিক ও শিল্পী ধ্রুব এষের নামকরণ ‘কবিতাই পারে’ এ শ্লোগানে উৎসবটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত কবি সরোজ দেবকে। যিনি ২০২১ সালে কবিতাসাহিত্যে সমধারা সাহিত্য পুরস্কার পেয়েছিলেন।

- Advertisement -shukee

শুক্রবার (২৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসবে দেশের ২০০ জন অগ্রজ ও অনুজ কবি-লেখক উপস্থিত থাকবেন- যা দেশের ইতিহাসে বৃহৎ পরিসরে কবিতা উৎসব। অনুষ্ঠানে ২০০ কবির কবিতা নিয়ে ‘পদাবলীর যাত্রা-২০২৬’ নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে। এটি ১২তম সংকলন। এছাড়া নিয়মিত সমধারার ১১০তম সংখ্যাও প্রকাশিত হচ্ছে। সংখ্যাটি পুরস্কারপ্রাপ্ত তিন গুণীকে নিবেদন করে প্রকাশিত হচ্ছে।

মোট তিন পর্বে উৎসব অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কবির স্বকণ্ঠ স্বরচিত কবিতা পাঠ; দ্বিতীয় পর্বে উৎসবে বিশেষ আকর্ষণ কথাসাহিত্যে পুরস্কারপ্রাপ্ত মোস্তফা কামালের পাঠকপ্রিয় উপন্যাস ‘দেবো খোঁপায় তারার ফুল’ অবলম্বনে কাব্যগীতি নৃত্যনাট্য ‘প্রেমার্ঘ্য নৈবেদ্য’। গ্রন্থনা ও রচনা করেছেন ফরিদ আহমদ দুলাল। নির্দেশনায় রয়েছেন সালেক নাছির উদ্দিন।  এতে সমধারা পরিবারের ২৫জন শিল্পী অংশগ্রহণ করবেন। তৃতীয় পর্বে প্রধান আকর্ষণ ‘সমধারা সাহিত্য পুরস্কার ২০২৬’ প্রদান।

সাহিত্যের কাগজ ‘সমধারা’ নিয়মিত প্রকাশনার সঙ্গে ভাষা আন্দোলনের ইতিহাস গবেষণা, অবহেলিত শিশুদের স্বাক্ষরজ্ঞানসহ সামাজিক ক্ষেত্রে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবং একুশ শতকের কবিদের মূল্যায়ন করার লক্ষ্যে সমধারা কবিতা উৎসবের আয়োজন করছে। পাশাপাশি খ্যতিমানদেরও সম্মান জানিয়ে আসছে। এ বছর সমধারা সাহিত্য পুরস্কার ২০২৬ গ্রহণ করবেন কথাসাহিত্যে জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল, কবিতাসাহিত্যে কবি আদ্যনাথ ঘোষ ও শিশুসাহিত্যে বিজ্ঞানী ও প্রবাসী ছড়াকার ধনঞ্জয় সাহা। পুরস্কার প্রাপ্তদের নগদ অর্থ, পোট্রেট এবং উত্তোরীয় প্রদান করা হবে।

২০২৫ সালে চার প্রবাসী মুহাম্মদ ইকবাল, শামীম আহমদ, আজিজুল আম্বিয়া ও সেলিম রেজাকে পুরস্কার প্রদান করা হয়। প্রবাসীদের নিয়ে এটা প্রথম আয়োজন। ২০২৪ সালে কথাসাহিত্যে বিশ্বজিৎ চৌধুরী, কবিতাসাহিত্য মজিদ মাহমুদ ও শিশুসাহিত্যে ধ্রুব এষ পুরস্কার গ্রহণ করেন। ২০২৩ সালে কথাসাহিত্যে হরিশংকর জলদাস, কবিতায় ফরিদ আহমদ দুলাল ও শিশুসাহিত্যে স. ম শামসুল আলম; ২০২২ সালে পুরস্কার গ্রহণ করেন কথাসাহিত্যে আনোয়ারা সৈয়দ হক ও কবিতায় ওমর কায়সার। ২০২১ সালে কথাসাহিত্যে ইমদাদুল হক মিলন এবং কবিতায় সরোজ দেব; ২০২০ সালে কথাসাহিত্যে সেলিনা হোসেন এবং শিশুসাহিত্যে রহীম শাহ; ২০১৯ সালে গ্রহণ করেন কবি মৃণাল বসুচৌধুরী। ২০১৮ সালে মুহম্মদ নুরুল হুদা। ২০১৭ সালে নির্মলেন্দু গুণ। ২০১৬ সালে হেলাল হাফিজ এ পুরস্কার গ্রহণ করেন।

উৎসব আয়োজক সমধারা সম্পাদক সালেক নাছির উদ্দিন বলেন, সমধারা কবিতা উৎসব বাংলা সাহিত্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু আনন্দের উপলক্ষ নয়, সাংস্কৃতিক আন্দোলনের সক্রিয় প্লাটফর্ম। এ উৎসব কবি, লেখকদের জন্য বাৎসরিক মিলনমেলা। এতে করে নতুন প্রতিভাদের বিকাশের সুযোগ সৃষ্টি করছে। তিনি উৎসবে সকল সাহিত্যপ্রেমীকে আমন্ত্রণ জানিয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও