নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী-শিশু নির্যাতন দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম নগরেরে অর্থ সম্পাদক অর্পিতা নাথ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের চট্টগ্রাম জেলার সভাপতি আসমা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগরের সহসভাপতি পুষ্পিতা নাথ, দপ্তর সম্পাদক লাবণী আক্তার,গৃহকর্মী অধিকার রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আঞ্জু আরা বেগম, তারমিন আহম্মেদ তিশা প্রমুখ।


নেতৃবৃন্দ বলেন- ” নরসিংদীতে একজন কিশোরীকে ধর্ষণের পর বাবার সামনে থেকে অপহরণ করে আবারও ধর্ষণ করে হত্যা করা হল, তা বর্বরতম ঘটনা। এই ঘটনা আবারও প্রমাণ করল নারীরা এই দেশে কোনসময়ই নিরাপদ নয়। জুলাই গণঅভ্যুত্থানে নারীদের গুরুত্বপূর্ণ ভুমিকা থাকলেও, এরপর নারীরা নানাভাবে ধর্ষণ, নিপীড়ন, লাঞ্ছনার শিকার হয়েছে। অন্তর্বর্তী সরকার সেসময় এসকল নিপীড়নের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতেও আমরা নারী নির্যাতনের ধারাবাহিক ঘটনা দেখছি।
আমাদের দেশের শাসকদের নারীদের দেখার দৃষ্টিভঙ্গী এবং সামাজিক পরিস্থিতিই নারী নিপীড়নের জন্য দায়ী। সকল সরকার দেশে মাদক, জুয়া, নারী বিরোধী প্রচারণা- ওয়াজ-অপসংস্কৃতির বিরূদ্ধে ব্যবস্থা না নিয়ে নারীদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করেছে। বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারীর উপর সকল প্রকার নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছে। আমরা অবিলম্বে নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব-চেরাগী পাহাড় হয়ে আন্দরকিল্লা মোড়ে এসে শেষ হয়।

