চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, স্বাধীনতার বিরোধীরাই আজ তাদের রাজনৈতিক প্রতিপক্ষ।
তিনি বলেন, ‘সকল বাধা উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে। অথচ যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, পাকিস্তানের দোসর হিসেবে কাজ করেছিল, তারাই আজ স্বাধীন বাংলাদেশের নেতৃত্বে আসতে চায়। জনগণই ব্যালটের মাধ্যমে তাদের জবাব দেবে।’

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বারখাইন ইউনিয়নে তার নিজ বাড়িতে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশে সরওয়ার নিজাম বলেন, ‘আপনারাই এ দেশের সূর্যসন্তান। আপনাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বও আপনাদের।’
তিনি আরও আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আইযুব খান রফিক।
এতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এসএম নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, নুরুল আমিন, আবুল হোসেন, মো. নাছিম, বাদশা মিয়া, রুস্তম আলী, মো. আলম, মামুনুর রশীদ চৌধুরীসহ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।
এর আগে দিনব্যাপী সরওয়ার নিজাম কর্ণফুলী উপজেলার খ্রিস্টানপাড়া, বড়উঠান হিন্দুপাড়া এবং আনোয়ারা উপজেলার কাফকো এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালান। পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

