ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মো. ওসমান, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আবু, সাহওয়াজ জামাল নিজামসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
মনোনয়নপত্র জমা দেয়ার পর সরওয়ার জামাল নিজাম বলেন, ‘বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। এ নিয়ে এই আসনে আমি ষষ্ঠবারের মতো বিএনপির মনোনয়ন পেলাম। বর্তমানে কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। শান্ত ও সুন্দর পরিবেশে মনোনয়নপত্র জমা দিতে পেরেছি। এই পরিবেশ বজায় থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী।’

