দুর্বৃত্তরা অতর্কিত এক বিকাশ-নগদ এজেন্ট এর ওপর হামলা চালিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে চট্টগ্রামের কর্ণফুলীতে ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং মোড়ে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম মো. দেলোয়ার হোসেন (৪০)। তিনি স্থানীয় শিকলবাহা ক্রসিং এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
আহত দেলোয়ার জানান, আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে তার ‘সাথী এন্টারপ্রাইজ’ নামে দোকান রয়েছে। সেখানে মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের পাশাপাশি বিকাশ ও নগদ লেনদেন করা হয়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে শিকলবাহা ক্রসিং মোড়ে পেছন দিক থেকে কয়েকজন দুর্বৃত্ত তাকে অতর্কিত কুপিয়ে মাথায় আঘাত করে। তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে সাড়ে ৩ লাখ টাকা এবং বিকাশ-নগদের লেনদেনে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ছিল।
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান বলেন, “সংবাদ পেয়ে রাতেই ওসিসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।”

