Monday, 21 September 2026

[the_ad id='15178']

সুস্থ গরু চিনবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক

ঘনিয়ে আসছে কোরবানির ঈদ, আর পশু কেনা নিয়ে সাধারণ মানুষের প্রস্তুতিও বাড়ছে । তবে পশু কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পশুটি সুস্থ কি না, সেটি নিশ্চিত হওয়া। কারণ অসুস্থ গরু কোরবানির জন্য অনুপযুক্ত এবং তা স্বাস্থ্যের জন্যও হুমকি হতে পারে। তাই পশুর বাহ্যিক লক্ষণ দেখে সুস্থতা যাচাই করা খুবই জরুরি।

- Advertisement -

পশুচিকিৎসকদের মতে, “সুস্থ গরুর চোখ স্বচ্ছ ও উজ্জ্বল হয়। চোখে বা নাকে কোনোরকম অস্বাভাবিক পানি পড়া, ঘোলা ভাব বা স্রাব থাকলে বুঝতে হবে পশুটি হয়তো অসুস্থ।”

- Advertisement -shukee

পশুচিকিৎসকরা জানান, “সুস্থ গরু সাধারণত চঞ্চল ও সাড়া দিতে সক্ষম হয়। ঘন ঘন শুয়ে পড়া, অলসতা বা মাথা নিচু করে রাখা অসুস্থতার লক্ষণ হতে পারে। গরুর স্বাভাবিক শরীরের তাপমাত্রা ১০১.৫–১০৩ ডিগ্রি ফারেনহাইট। শরীর বেশি গরম বা ঠান্ডা লাগলে সন্দেহ তৈরি হতে পারে।”

সুস্থ গরুর লোম চকচকে ও ত্বক মসৃণ হয়। চামড়ায় আঁশটে গন্ধ, অতিরিক্ত খুশকি বা ক্ষত থাকলে বা লোম ঝরতে থাকলে সেটি অসুস্থতার লক্ষণ হতে পারে।

গরুর নাক সবসময় ভেজা ও ঠান্ডা থাকা উচিত। শুকনো নাক বা মুখের চারপাশে ফেনা জমে থাকলে সেটিও অসুস্থতার লক্ষণ। মুখ দিয়ে অতিরিক্ত লালা ঝরাও ভালো লক্ষণ নয়।

পশুটিকে কিছুটা হাঁটিয়ে দেখুন। হাঁটার সময় খোঁড়ানো, পা টেনে চলা বা ভারসাম্য হারানো—এসবই গরুর শারীরিক অসুস্থতার ইঙ্গিত দিতে পারে।

সুস্থ গরু নিয়মিত খায় এবং জাবর কাটে। খাবার খেতে অনীহা, বা দীর্ঘ সময় জাবর না কাটলে বুঝতে হবে গরুটির হজমে সমস্যা হচ্ছে।

পশুচিকিৎসকরা আরও বলেন, “বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী গরুকে কৃত্রিমভাবে মোটা করার জন্য স্টেরয়েড বা ইনজেকশন ব্যবহার করে। এই গরুগুলো সাধারণত অস্বাভাবিক মোটা, হাঁটাচলায় দুর্বল এবং শরীরে পানি জমে থাকে। চামড়া টিপলে দেবে যায় এবং সহজে উঠে না আসে—এটিও এক ধরনের লক্ষণ।”

বিভিন্ন হাটে এখন পশুর স্বাস্থ্য পরীক্ষা করে সনদ প্রদান করা হয়। ক্রেতারা যেন এসব সনদ চেয়ে নিতে পারেন এবং প্রয়োজনে সেখানে উপস্থিত পশুচিকিৎসকের সঙ্গে কথা বলে নিশ্চিত হতে পারেন।

বিশেষজ্ঞরা বলেন, পশু কেনার সময় শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, স্বাস্থ্যগত দিকেও খেয়াল রাখা উচিত। একজন সাধারণ ক্রেতাও কিছু সহজ লক্ষণ দেখে গরুর প্রাথমিক স্বাস্থ্য যাচাই করতে পারেন।

তবে পশু অসুস্থ মনে হলে বা সন্দেহ হলে পশুচিকিৎসকের পরামর্শ নেয়াই সবচেয়ে নিরাপদ পথ।

সর্বশেষ

এই বিভাগের আরও