চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সিএমসি ক্যাফের ফ্রিজে রাখা খাবারে পাওয়া গেছে মরা মাছি, বাসি মাছ ও মসলা। রান্না হচ্ছিল পোড়া তেলে, খাবারে ব্যবহার করা হচ্ছিল কেওড়া জল ও রং। হাসপাতালের কর্মচারীদের ক্যান্টিনে মিলেছে তেলাপোকা ও নোংরা পরিবেশ।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের সিএমসি ক্যাফে ও কর্মচারীদের ক্যান্টিনে অভিযান চালিয়ে এসব চিত্র পায় ভোক্তা অধিকার। এসব অনিয়মে দুই ক্যান্টিনকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে সংস্থাটি।

একই অভিযানে মেডিকোপ সুপার শপকে মূল্য তালিকা না থাকা ও ডাবের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা, জেবিএল সার্জিক্যাল ইউনিট-২-কে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত বিদেশি ওষুধ বিক্রির দায়ে ২৫ হাজার টাকা এবং স্বপ্না মেডিকেল স্টোরকে একই অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিন দুটিতে খাবার প্রস্তুত ও সংরক্ষণে অনিয়মের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া গেছে।
সিএমসি ক্যাফের ফ্রিজে রাখা খাবারে মরা মাছি পড়ে শক্ত হয়ে ছিল। সেখানে বাসি মাছ ও মসলাও পাওয়া যায়। রান্নায় পোড়া তেল ব্যবহার এবং খাবারে কেওড়া জল ও রং মেশানোর প্রমাণ পাওয়ার কথাও জানান তিনি।
হাসপাতালের মূল ফটকের সামনে কর্মচারীদের ক্যান্টিনে তেলাপোকার উপদ্রব, নোংরা মেঝে এবং পরনের কাপড়ের নিচে খাবার রাখার চিত্রও পাওয়া গেছে।
এসব অনিয়মের কারণে ক্যান্টিন দুটিকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

