চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন আজ মঙ্গলবার ( ২৫ আগস্ট ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের নিকট আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে তিন বছর।

অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন চট্টগ্রামের সাউদার্ন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬-এর ধারা ১৫(১) অনুযায়ী তাঁকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে।
কোষাধ্যক্ষ হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন, আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণসহ আইন ও বিধি অনুযায়ী অর্পিত দায়িত্ব পালন করবেন।
তাঁর যোগদানের মধ্য দিয়ে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে আরও গতিশীলতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। দায়িত্ব পালনে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

