সরকারি কলেজে দীর্ঘদিন ধরে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়ন, চট্টগ্রাম বিভাগ।
শুক্রবার (২৪ জুলাই) সকালে প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়ন, চট্টগ্রাম বিভাগীয় কার্যক্রম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সরকারি সিটি কলেজের কর্মচারী মীর মোহাম্মদ কফিল উদ্দিন সিদ্দিকী। সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব ও ফেনী সরকারি কলেজের মনোতোষ চন্দ্র দাস।
অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন কোম্পানীগঞ্জ সরকারি কলেজের মো. আশরাফ উদ্দিন।
বক্তারা বলেন, সরকারি কলেজে ৫ থেকে ২৬ বছর ধরে বিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হয়েও তারা এখনও বেসরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ সময় ধরে চাকরি করেও তারা সরকারি বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
মানববন্ধন থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর, স্থানান্তর না হওয়া পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান, বর্তমানে কর্মরত বেসরকারি কর্মচারীদের বাদ দিয়ে নতুন নিয়োগ বন্ধ এবং কর্মরত কোনো বেসরকারি কর্মচারীকে চাকরিচ্যুত না করা।
এসময় বক্তব্য দেন চৌমুহনী সরকারি সালেহ আহমদ কলেজের মো. জাকির হোসেন, সরকারি কমার্স কলেজের মো. মুসা ও মো. শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলা সভাপতি ও সরকারি সিটি কলেজের মো. সোহাগ (ইলিয়াছ), গাছবাড়িয়া সরকারি কলেজের মরিয়ম বেগম, চট্টগ্রাম জেলা কোষাধ্যক্ষ ও সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের মো. দিদারুল ইসলাম, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের জাহিদুল ইসলাম লিটন, মহিপাল সরকারি কলেজের কিরণ দাস, বান্দরবান সরকারি কলেজের প্রভাত বড়ুয়া এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শেখর দাসসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা।
বক্তারা অবিলম্বে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরের উদ্যোগ নেয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবন নিশ্চিত করার আবেদন জানান।

