শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

[the_ad id='15178']

সভ্য সমাজে সাংবাদিক -উদ্যোক্তাদের রাখতে হবে নিরাপদ : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রকে ভর্তুকি দিয়ে হলেও গণমাধ্যমশিল্প টিকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সভ্য সমাজে জবাবদিহির সংস্কৃতির জন্য সাংবাদিক এবং সংশ্লিষ্ট উদ্যোক্তাদের নিরাপদ রাখতে হবে বলে জানান তিনি।

- Advertisement -

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির (ইডব্লিউএমজিপিএলসি) কার্যালয়ে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির উপস্থিত ছিলেন।

- Advertisement -shukee

অনুষ্ঠানে ইডব্লিউএমজিপিএলসির প্রতিষ্ঠান ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক লোটন একরাম, কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান তালুকদার, নির্বাহী সম্পাদক হায়দার আলী, নিউজ টোয়েন্টিফোরের বার্তাপ্রধান শরিফুল ইসলাম খান, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ কে এম মনজুরুল ইসলাম মনজু ও কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাঈদ খান বক্তব্য দেন।

সমাজ এবং সভ্যতার পরিবর্তন হচ্ছে জানিয়ে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা এই চলমান রূপান্তরিত প্রক্রিয়ার মধ্যে আছি।

এর ফলে পুরনো ব্যবস্থাটা দিন দিন অচল হয়ে যাচ্ছে। নতুন ব্যবস্থাতে প্রবেশে নতুন জ্ঞান, দক্ষতা, আইনি কাঠামোর প্রয়োজন হচ্ছে।

সেটিকে কার্যকর করতে নতুন কর্মকৌশল নির্ধারণ করতে হচ্ছে। এই ভাঙা-গড়ার প্রক্রিয়ার মধ্যে আমরা খুব সজাগ নই। ফলে আমাদের অনেক কিছু মিস হয়ে যাচ্ছে।’

‘দেশে শিল্পপ্রতিষ্ঠানকে নিরাপদ রাখা, উৎসাহ দেওয়া রাষ্ট্রের কাজ। কারণ আমাদের এই পেশাকে (গণমাধ্যম) বাঁচিয়ে রাখতে হবে’, যোগ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘প্রয়োজনে রাষ্ট্রকে ভর্তুকি দিয়ে হলেও এই শিল্প টিকিয়ে রাখতে হবে।’

সভ্য সমাজে জবাবদিহির সংস্কৃতি বজায় রাখতে গণমাধ্যমসংশ্লিষ্ট পেশার ব্যক্তিদের চাকরির নিরাপত্তা ও উদ্যোক্তাদের নিরাপদ রাখতে হবে মন্তব্য করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমাদের ইনফরমেশনের সোর্স হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্ম একটা লায়ন সোর্স হয়ে গেছে। এটি টিপিক্যাল মিডিয়া হাউসগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ। তাদের মাল্টিমিডিয়ার উইং ওপেন করতে হয়েছে। বড় প্রতিষ্ঠাগুলোর অনেককেই তাদের আয় সোর্স হিসেবে মাল্টিমিডিয়ার ওপর ডিপেন্ড হতে হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘এই ভাঙা-গড়ার প্রক্রিয়ার মধ্যে সবার আগে যেটা মনোযোগ দেয়া দরকার যে আমাদের গণমাধ্যমের এই প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণের প্রক্রিয়াটাকে ধরে রাখতেই হবে।’

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, ‘প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করা, গণমাধ্যম সংস্কার এবং প্রয়োজনীয় কমিশন গঠনের বিষয়ে ধারাবাহিকভাবে দিকনির্দেশনা দিয়ে আসছেন। সরকারের লক্ষ্য, অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি আধুনিক, দায়িত্বশীল, স্বাধীন ও টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলা।’

বর্তমান সময়ে গণমাধ্যমের প্রধান চ্যালেঞ্জ সরকার ও গণমাধ্যমের মধ্যে নয়; বরং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত লড়াই বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বেশ জনপ্রিয় মিডিয়া রয়েছে। এখানে অনেক সাংবাদিকের কর্মসংস্থান হয়েছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর নেয়া উদ্যোগগুলো বাস্তবায়িত হলে সাংবাদিকদের দীর্ঘদিনের অনেক সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে সরকারি বিজ্ঞাপন দেয়ার আহ্বান জানিয়ে বাংলানিউজ সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু মতবিনিময় সভায় বলেন, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন নীতিমালাভুক্ত করতে হবে। ভূঁইফোড় অনলাইন নিউজ পোর্টালগুলো বন্ধ করতে হবে।

তিনি ফেসবুক, ইউটিউব, গুগলসহ বড় ডিজিটাল প্ল্যাটফর্মকে আইনি কাঠামোর আওতায় এনে সংবাদমাধ্যমের সঙ্গে বাধ্যতামূলক বাণিজ্যিক চুক্তির ব্যবস্থা করার উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

এক্ষেত্রে অস্ট্রেলিয়ায় ২০২১ সালে চালু হওয়া নিউজ মিডিয়া অ্যান্ড ডিজিটাল প্লাটফর্ম ম্যান্ডাটরি বার্গেনিং কোড এবং ফ্রান্সে ‍গুগলকে সংবাদমাধ্যমের সঙ্গে চুক্তিতে আনার উদ্যোগের প্রসঙ্গ টানেন তৌহিদুল ইসলাম মিন্টু।

তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরকারি বিজ্ঞাপন থেকে ইস্ট ওয়েস্ট মিডিয়ার কোনো প্রতিষ্ঠান যেন বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখার আহ্বান থাকবে সরকারের প্রতি।

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরাম ডিএফপির বিজ্ঞাপন বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করা, সার্কুলেশনভিত্তিক বিজ্ঞাপন প্রদান, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন, সাংবাদিকদের পেনশন চালু এবং সাংবাদিক নিবন্ধন নীতিমালা প্রণয়নের আহ্বান জানান।

নিউজ টোয়েন্টিফোরের বার্তাপ্রধান শরিফুল ইসলাম খান বলেন, সাংবাদিকতার মূল দায়িত্ব হচ্ছে রাষ্ট্র, দেশ ও মানুষের স্বার্থে কাজ করা। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ. কে. এম. মনজুরুল ইসলাম বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের কোনো প্রতিষ্ঠান সরকারি বিজ্ঞাপন পায়নি।

সর্বশেষ

এই বিভাগের আরও