চট্টগ্রামের সীতাকুণ্ডে জুয়ার আসর থেকে ৩ জনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় সোনাইছড়ির গামারীতল এলাকায় মো. সোহেলের মালিকানাধীন ট্রাক ডিপোতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন- সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকার আবু তাহেরের ছেলে অটোরিকশাচালক মো. আজম (২৮), পাক্কা মসজিদ এলাকার শাহ আলমের ছেলে জাহাজভাঙা শ্রমিক মো. কামাল হোসেন (৪৭) ও কদমরসুল এলাকার আবুল খায়েরের ছেলে ট্রাকচালক মো. নাজিম উদ্দিন (৪৮)।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, রাতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তিনজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।

