ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র কর্তৃক পরিচালিত বিএসসি ইঞ্জিনিয়ারিং সমমান এএমআইই কোর্সের ৯০তম ও ৯১তম ব্যাচের ওরিয়েন্টেশন ও উদ্বোধনী অনুষ্ঠান রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এএমআইই পাঠক্রম পরিচালনা ও ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুল আনোয়ার এর সভাপতিত্বে এবং কমিটির যুগ্ম সদস্য-সচিব প্রকৌশলী মো… কামরুজ্জামান এর সঞ্চালয়নায় উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম ও কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান উপস্থিত ছিলেন।
কোর্স উদ্বোধন করে প্রধান অতিথি প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, বাংলাদেশ সরকার স্বীকৃত ও বুয়েটের তত্ত্বাবধানে পরিচালিত এএমআইই আন্তর্জাতিকমানের মর্যাদাশীল পেশাদারী একটি স্নাতক প্রকৌশল ডিগ্রি। কারিগরী ও প্রকৌশল পেশা জাতীয় পর্যায়ে অত্যধিক গুরুত্বপূর্ণ। ডিজিটাল এবং প্রযুক্তির উন্নয়ন, শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, গ্যাস, বিদ্যুৎ, পানি, অবকাঠামো নির্মাণ, বৈশ্বিক উদ্ভাবনি ও সৃষ্টিশীল সকল কর্মযজ্ঞে প্রকৌশলীরা দায়িত্ব পালন করে থাকে বলে মত ব্যক্ত করেন। তিনি উন্নত বিশ্বের বিভিন্ন উদ্ভাবনি কাজ এবং এদেশকে প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে তিনি শিক্ষার্থীদের প্রকৌশল ও প্রযুক্তিভিত্তিক জ্ঞান অর্জনের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এএমআইই ডিগ্রি অর্জন করা কঠিন নয়, একনিষ্ঠ ও একাগ্রতার সাথে পড়ালেখায় মনোযোগী হলে সহজে এএমআইই পাশ করা যায়। এছাড়াও তিনি স্ব স্ব কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দুর্নীতিমুক্ত, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে কেন্দ্রের এএমআইই উপ-কমিটির আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুল আনোয়ার বলেন, ছাত্র-ছাত্রীর ইচ্ছা শক্তিই জীবনের মুল চালিকা শক্তি। তিনি হতাশ না হয়ে একাগ্রতার সঙ্গে লেগে থেকে লেখাপড়া করে এএমআইই ডিগ্রি অর্জন করা যায়। তিনি ছাত্র-ছাত্রীদের জানান এ ডিগ্রি বেসরকারী বিশ্ববিদ্যালয় ডিগ্রি হতে অধিক মানসম্পন্ন। এএমআইই ডিগ্রি অর্জন করে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান প্রকৌশলী, ব্যবস্থাপনা পরিচালকসহ প্রতিষ্ঠান প্রধান হওয়ার নজির রয়েছে বলে উল্লেখ করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. নুরুল আলম, কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রকৌশলী এএইচএম রফিকুন্নবী, সিনিয়র প্রকৌশলী জামিল আল মামুন, প্রকৌশলী রেজাউল করিম, প্রকৌশলী মুহাম্মদ সাইদুল ইসলাম, প্রকৌশলী মোঃ তৌহিদুল মান্নান, প্রকৌশলী আবুল বাশার, প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম, প্রকৌশলী মোঃ কুতুব উদ্দিন। এএমআইই’র ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন মিসবাহুল মেশকাত, জোবায়ের হোসেন ও মিসেস রিতু রানী সাহা।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, প্রকৌশলীবৃন্দ, রিসোর্স পার্সন এবং ৯০তম ও ৯১তম ব্যাচের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য অত্যন্ত স্বল্প খরচে ডিপ্লোমা প্রকৌশলী এবং এইচ এস সি (বিজ্ঞান) পাশ ও প্রকৌশল সংস্থায় কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্নকারী শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পরিচালিত পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রীর সমমানের এএমআইই ডিগ্রি অর্জনের সুযোগ পায়। চুয়েট ও পলিটেকনিক ইনস্টিটিউটের অভিজ্ঞ শিক্ষকমন্তলীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত রিসোর্স পার্সনরা এতে পাঠদান করেন।

