চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অনুমোদনের নাম ভাঙিয়ে অবৈধভাবে ইলেকট্রিক ইজি বাইক বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
আজ সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টায় চসিকের অঞ্চল-৬ এর আওতাধীন মধ্যম হালিশহরের মাইজপাড়া কুমারী পুকুরপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নুরুল ইসলাম কোম্পানির গ্যারেজে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমোদনের নাম ব্যবহার করে Torrit Brand-এর EV Easy Bike 1500 মডেলের ইজি বাইক বিক্রির কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় বিক্রয়রত একটি ইজি বাইক জব্দ করা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সম্পর্কে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমোদনের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। প্রাথমিক তদন্তে দেখা গেছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চসিকের অনুমোদনের বিষয়টি প্রচার করে ইজি বাইক বিক্রির চেষ্টা করছে, যা জনসাধারণকে বিভ্রান্ত করার শামিল। নগরবাসীর স্বার্থ রক্ষায় এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অভিযান অব্যাহত থাকবে। কেউ চসিকের নাম বা অনুমোদনের বিষয়ে মিথ্যা তথ্য প্রচার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, নগরবাসীকে কোনো যানবাহন বা পণ্য ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বৈধ কাগজপত্র যাচাই করে লেনদেন করার আহ্বান জানানো হচ্ছে।

