চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ৩ নম্বর জেটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাময়িকভাবে কনটেইনার পরিচালন কার্যক্রম বন্ধ রাখা হলেও পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে জেটিতে ব্যবহৃত রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনের ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে জেটির সামনের ইয়ার্ডে থাকা কয়েকটি পণ্যবোঝাই কনটেইনারেও আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই বন্দর কর্তৃপক্ষ কনটেইনার ওঠানামা ও স্থানান্তরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং পরে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসচিব (জনসংযোগ) মো. নাহিদ মোস্তফা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।
আগুনে কতগুলো কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা আর্থিক ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

