চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরস্হ আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড ফ্যাক্টরিতে সোমবার (১৩ এপ্রিল) ভোরে ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফ্যাক্টরির পূর্ব পাশে অতর্কিত হামলা চালায়। ডাকাতদল ফ্যাক্টরির ভেতর থেকে তামা,পিতল, মোটর এবং বৈদ্যুতিক ক্যাবলসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে পালানোর চেষ্টাকালে দায়িত্বরত আনসার সদস্যরা বাধা দিলে ডাকাত দল তাদের ওপর আক্রমণ চালায়। আত্মরক্ষার্থে আনসার সদস্যরা ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে আনসার পি.সি মো. স্বপন বেপারীর নেতৃত্বে একটি দল সাহসিকতার সাথে ধাওয়া করে ৩ জন ডাকাতকে হাতেনাতে ধরে ফেলে। বাকি ডাকাতরা কিছু মালামাল নিয়ে পালিয়ে যায়।
আটককৃতদের কাছ থেকে ডাকাতি হওয়া কিছু বৈদ্যুতিক কাটা ক্যাবল, দেশীয় কিরিচ ও রামদা উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পর ফ্যাক্টরির সিকিউরিটি টিম ও আনসার সদস্যরা মিলে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছেন।

উল্লেখ্য, গত রোজার মাসেও একটি ডাকাতদল কারখানায় জোরপূর্বক ঢোকে ডাকাতির চেষ্টা চালায়,এসময় কারখানায় অফিসের গ্লাস, চেয়ার টেবিল, ভাংচুর করে। তবে গ্রামবাসি এগিয়ে আসলে ডাকাতেরা পালিয়ে যায়। এঘটনায় থানায় মামলা হয়েছে।

