গণসংযোগের সময় চট্টগ্রামে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ রয়েছেন। এ ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যদিও পুলিশ এখনও তা নিশ্চিত করেনি।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় এরশাদ উল্লাহকে দ্রুত এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। কে বা কারা হামলা করেছে এখনও জানা নেই বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে স্থানীয় এলাকায় গণসংযোগকালে হঠাৎ অজ্ঞাত হামলাকারীরা গুলি চালান। এতে তিনজন গুলিবিদ্ধ হন।
চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। একজন নিহত হওয়ার সংবাদ শুনেছি। হাসপাতালে গিয়ে নিশ্চিত হওয়া যাবে। কারা গুলি চালিয়েছে, তা তদন্ত করা হচ্ছে।
মহাসচিব মির্জা ফখরুলের নিন্দা
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও বোয়ালখালী (চট্টগ্রাম-৮) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, এরশাদ উল্লাহর গণসংযোগে হামলাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।

