পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় প্রকৌশল শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
আজ বুধবার দুপুর পৌনে ২টার দিকে ১নম্বর মিন্টু রোড হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। একইসঙ্গে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে দ্বিতীয় দিনের মতো শাহবাগ এলাকা অবরোধ করে বিক্ষোভ করছিলেন। এ সময় তাদের স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে।
তাদের স্লোগানের মধ্যে রয়েছে, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‘কোটা না মেধায়, মেধায় মেধায়’, ‘সবার মুখে এক বয়ান, ডিপ্লোমা টেকনিশিয়ান’, ‘অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই’, ‘কোটার নামে অবিচার, বন্ধ করো’, ‘কোটা প্রথা ভেঙে দাও, মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও’।
শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো- ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা ও দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেয়া।

