চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় পরিবেশ সচেতনতা ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ‘Clean Environment School Campaign Programme’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৩০ আগস্ট ) ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ইপসা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের প্লাস্টিকের দায়িত্বশীল ব্যবহার, বর্জ্য পৃথকীকরণ, পুনঃচক্রায়ন ও পরিচ্ছন্ন পরিবেশ বিষয়ে সচেতনতামূলক ওরিয়েন্টেশন এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইউনিলিভার বাংলাদেশের পাবলিক রিলেশন ও প্রজেক্টস ম্যানেজার এস. এম. ফয়সাল, ফ্যাক্টরি ডিরেক্টর এস. এম. তারেক সাইফুল্লাহ, পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ ইমরান এবং ইপসা-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর রুহুল কুদ্দুস খান । তিনি পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় তরুণ প্রজন্মের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


