ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ঢাকামুখী লেনে চলন্ত একটি স্ক্র্যাপবোঝাই লরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট-কালুশাহ মাজার ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে সৃষ্টি হয়। দীর্ঘ যানজটের পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ঢাকা অভিমুখী একটি লেন দিয়ে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল খায়ের গ্রুপের লোহার স্ক্র্যাপবোঝাই লরিটি চট্টগ্রামের একটি স্ক্র্যাপ ডিপো থেকে মালামাল নিয়ে ঢাকামুখী লেন দিয়ে কারখানায় যাচ্ছিল। কালুশাহ মাজার ওভারব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ লরিটির ইঞ্জিন কেবিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো কেবিনে ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঢাকা অভিমুখী লেনে যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, আবুল খায়ের গ্রুপের স্ক্র্যাপবোঝাই একটি লরিতে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, মহাসড়কে একটি গাড়িতে আগুন লেগেছিল। এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

