মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দর ইজারার চক্রান্ত বন্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এতে বক্তারা ক্ষমতাসীন সরকারকে অন্তর্বর্তী সরকারের দেখানো পথে না হেঁটে জনমতের কথা মাথায় রেখে দেশ পরিচালনার আহ্বান জানান।
আজ বুধবার (২২ জুলাই) বিকেলে নগরীর চেরাগি পাহাড় মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা সিপিবির উদ্যোগে এ সমাবেশ হয়েছে।

জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরীর সভাপতিত্বে ও প্রদীপ ভট্টাচার্যের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, সহ সম্পাদক নুরুছাফা ভূঁইয়া, আইনজীবী নেতা নারায়ণ চন্দ্র বিশ্বাস ও ছাত্রনেতা শুভ দেবনাথ।
সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্যচুক্তি হয়েছে, তা দেশবিরোধী এবং একটি অসম বাণিজ্যচুক্তি। মুহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার মাত্র তিনদিন আগে এ চুক্তি করে গেছেন। সেই চুক্তিতে বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক সুফলকে চরমভাবে বিনষ্ট করা হয়েছে। এই চুক্তি সম্পূর্ণ মার্কিন সাম্রাজ্যবাদের অনুকূলে করা একটি চুক্তি। এরপর ইউনূস সরকার চট্টগ্রাম বন্দরকে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়ার চক্রান্ত শুরু করেছিল। বন্দর বিদেশিদের কাছে গেলে আমাদের জাতীয় নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হবে। রাষ্ট্রীয় সম্পদের মালিকানা ও দেশের স্বাধীনতা নিয়ে এ ধরনের ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে।
কিন্তু দুঃখের বিষয় নির্বাচিত সরকারও ইউনূসের পথেই হাঁটছে। তারা মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল করেনি। বরং আমেরিকাকে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য জাতীয় সংসদের গেট খুলে দিয়েছে। চট্টগ্রাম বন্দর নিয়ে চক্রান্ত বন্ধ হয়নি। আমরা ক্ষমতাসীন বিএনপি সরকারকে জনগণের মতামতের বিরুদ্ধে না দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।


