চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও সিসিটি ডিপি ওয়ার্ল্ডসহ দেশি- বিদেশি কোনো প্রতিষ্ঠানকে ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে বন্দর অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরের বারিক বিল্ডিং এলাকা থেকে মিছিল বের হয়।

মিছিলে ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’, ‘দুনিয়ায় মজদুর এক হও লড়াই করো’, ‘আমার মাটি আমার মা বিদেশিদের দেব না’, ‘বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে’ স্লোগান দেয়া হয়। পৌনে ১২টার দিকে বন্দরের ২ নম্বর গেটের সামনে গেলে পুলিশের অনুরোধে মিছিল শেষ হয়।
প্রকৌশলী দেলোয়ার মজুমদার এ সময় বলেন, আমাদের আন্দোলন সরকারবিরোধী নয়। জনগণের সরকারকে জনগণের দিকে টেনে আনার আন্দোলন।
পুলিশ অনুরোধ জানিয়েছে, তাই এ কর্মসূচি শেষ করেছি। ৫ অক্টোবর বন্দর ভবনের গেটে সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তিনি।
মিছিলপূর্ব সমাবেশে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর সোনার ডিম পাড়া হাঁস। সোনার ডিম নয়, পুরো হাঁসটিই খেয়ে ফেলতে চায়। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি সিসিটি, এনসিটি ইজারা দেয়া যাবে না।

