সাম্প্রতিক সময়ের অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে সীতাকুণ্ড উপজেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়নেই মানুষের ঘরবাড়ী, ফসলী জমির ক্ষয়ক্ষতি হয়েছে। সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকাজুড়ে ক্ষতিগ্রস্থ মানুষকে ত্রাণ বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
শুক্রবার (১৭ জুলাই) উপজেলার ১নম্বর সৈয়দপুর ইউনিয়ন, ২নম্বর বারৈয়াঢালা ইউনিয়ন এবং সীতাকুণ্ড পৌরসভায় ত্রাণ বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার ৪নম্বর মুরাদপুর ইউনিয়ন, ৫নম্বর বাড়বকুন্ড ইউনিয়ন, ৬নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ন এবং ৭নম্বর কুমিরা ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো ত্রাণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব ও চট্টগ্রাম-৪ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত এমপি মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
ত্রাণ বিতরণকালে আসলাম চৌধুরী বলেন, বাংলাদেশের সকল দুর্যোগ দূর্বিপাকে বিএনপি জনগণের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকারের পক্ষ থেকে ত্রাণ দেয়ার পাশাপাশি দলীয়ভাবেও বিএনপির নেতাকর্মীরা ত্রাণ বিতরণে অগ্রণী ভূমিকা পালন করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবো ইনশাল্লাহ। আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও ব্যাপক আকারে এই কার্যক্রম পরিচালিত হবে ইনশাল্লাহ।


