বিশ্ব মাদকবিরোধী দিবস ২০২৬ উপলক্ষে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সীতাকুণ্ড উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে শুক্রবার (২৬জুন) একটি মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে এবং সেক্রেটারি তৌহিদুল ইসলামের সঞ্চালনায় র্যালিটি সীতাকুণ্ড উত্তর বাজারস্থ বায়তুশ শরফ মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা কার্যালয়ে এসে শেষ হয়।

র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুব বিভাগের সভাপতি আনোয়ার ছিদ্দিক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর মুহাম্মাদ তাহের।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলীসহ পৌরসভা ও ইউনিয়ন নির্বাচনে জামায়াত মনোনীত মেম্বার, কাউন্সিলর ও চেয়ারম্যান প্রার্থীবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করেন।
বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য বড় হুমকি। মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তারা মাদক নির্মূলে জনসাধারণ ও প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
র্যালিতে যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

